গাইবান্ধা পাউবো চত্বরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় আওয়ামী লীগপন্থী দুটি শ্রমিক সংগঠন একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে গতকাল সেখানে কোনো পক্ষের সমাবেশ হয়নি।পুলিশ ও পাউবো সূত্র জানায়, ১৫ এপ্রিল অনুষ্ঠেয় সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সকাল নয়টায় ওই স্থানে সমাবেশ ডাকে বাংলাদেশ পাউবো জাতীয় শ্রমিক-কর্মচারী লীগ জেলা শাখা। একই সময় সেখানে সমাবেশ আহ্বান করে বাংলাদেশ পাউবো শ্রমিক-কর্মচারী লীগ জেলা শাখা। উভয় পক্ষ পাশাপাশি নির্মাণ করে মঞ্চ। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। পাউবো জাতীয় শ্রমিক-কর্মচারী লীগ জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রথমে সমাবেশ আহ্বান করি। আমাদের সমাবেশ পণ্ড করার জন্য অপর গ্রুপ ঈষান্বিতভাবে সমাবেশ ডাকে।’ পাউবো শ্রমিক-কর্মচারী লীগ জেলা শাখার সম্পাদক সুলতান আহমেদ বলেন, ‘আমাদের সমাবেশ আহ্বানের পরিকল্পনা শুনে অপর পক্ষ সেখানে সমাবেশ আহ্বান করে।’ গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।