গাইবান্ধা বণিক সমিতির নির্বাচন ৯ জানুয়ারি
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে অর্ডিনারি গ্রুপে ১২টি পদের বিপরীতে ২৩ জন, অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পদের বিপরীতে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অ্যাসোসিয়েট গ্রুপের একটি পদে একজন থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির বর্তমান সভাপতি আবুল খায়ের মোরছেলিনের সময় গত বছরের ১৭ মে আইনজীবী আনিস মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি নির্বাচনী তফসিল দিয়ে ৮ আগস্ট নির্বাচন ঘোষণা করে। কিন্তু নির্বাহী কমিটির বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন পরিচালনা কমিটির তিন সদস্যই পদত্যাগ করেন। পরে ১১ জুলাই আইনজীবী সুলতান আলীকে আহ্বায়ক করে আবার তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই নির্বাচন পরিচালনা কমিটি ২৭ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে। এই পরিচালনা কমিটির মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য নির্বাহী কমিটিকে অনুরোধ করা হয়। কিন্তু নির্বাহী কমিটি কোনো ব্যবস্থা না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর শিল্প ও বণিক সমিতির নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শামছুল আজমকে সমিতির প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকের এই কমিটি সহকারী কমিশনার আবু সুফিয়ানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে।
বণিক সমিতির সাবেক সভাপতি অনোয়ারুল কাদির বলেন, বর্তমান সভাপতি নির্বাচিত হওয়ার জন্য বিধিবহির্ভূতভাবে কিছু ব্যবসায়ীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। পরে সঠিক ভোটার যাচাই-বাছাই করে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক সদস্য যাচাই-বাছাই করে ১৫১ জনকে বাদ দিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করে। পরে সভাপতি উচ্চ আদালতে যান।
বর্তমান সভাপতি আবুল খায়ের মোরছেলিন বলেন, ‘আমরা সঠিক নিয়মে নির্বাচন করছিলাম। কিন্তু নির্বাচন বাতিলের জন্য সাবেক সভাপতি অভিযোগ করেন। উপরন্তু তাঁরা প্রভাব খাটিয়ে বণিক সমিতির প্রশাসক নিয়োগ করেন। এ ছাড়া বাদ পড়া ব্যবসায়ীদের পক্ষে বণিক সমিতির পরিচালক এমরান কবির উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত সঠিক সদস্য যাচাই-বাছাই করে তাঁদের ভোটার করার জন্য বণিক সমিতির প্রশাসককে নির্দেশ দেন। বর্তমানে যাচাই-বাছাই কাজ চলছে।’
এ প্রসঙ্গে অনোয়ারুল কাদির উচ্চ আদালত থেকে যাচাই-বাছাই করার নির্দেশ-সংক্রান্ত কোনো কাগজ পাননি বলে জানান।