গাইবান্ধা বিদ্যুৎ বিভাগে ২৯ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গাইবান্ধা কার্যালয়ে দীর্ঘদিন ধরে ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। নয়জন প্রকৌশলীর পদ থাকলেও মাত্র দুজন প্রকৌশলী দিয়ে কোনো রকমে কাজ চালানোয় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার তদারকি কাজ।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, গাইবান্ধায় একজন উপবিভাগীয় প্রকৌশলীর পদ থাকলেও দীর্ঘদিন এই পদটি শূন্য। তিনজন সহকারী প্রকৌশলীর জায়গায় আছেন মাত্র একজন। চারটি উপসহকারী প্রকৌশলীর পদের সব কটিই শূন্য রয়েছে।
এ ছাড়া ১০ জন লাইন সাহায্যকারী, চারজন অভিযোগ গ্রহণ সহকারী, চারজন রিডিং সংগ্রহকারী ও চারজন নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় লোকবলের অভাবে জেলার সার্বিক বিদ্যুৎ সরবরাহ তদারকি ব্যবস্থা ভেঙে পড়েছে। নিয়ম অনুযায়ী গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সাতটি ফিডারের প্রতিটি তদারকির জন্য একজন করে প্রকৌশলী থাকার কথা। কিন্তু একজন সহকারী প্রকৌশলীকে ওই সাতটি ফিডারের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে জেলা শহরসহ আশপাশের এলাকার গ্রাহকদের দু-তিন দিন পর্যন্ত অন্ধকারে থাকতে হয়।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী আবু আসাদ প্রামাণিক বলেন, ‘নির্বাহী প্রকৌশলী প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই গ্রাহকদের অভিযোগের সমাধান ও গোটা অঞ্চলের বিদ্যুৎ-সংযোগ তদারকির কাজ এককভাবে আমাকেই করতে হচ্ছে। একাই সাতজন প্রকৌশলীর কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি।’
নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনীয় লোকবলের অভাবে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। শূন্য পদে লোকবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। এমনকি জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে।