বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাতি হওয়ায় গাইবান্ধা শহরের ধানঘড়ায় অবস্থিত বিসিক শিল্প নগরীর ১৪টি শিল্পকারখানায় গত তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে কারখানাগুলোয় উৎপাদনপ্রক্রিয়া বন্ধ রয়েছে।বন্ধ কারখানার মধ্যে রয়েছে মেলামাইন, চালকল, তেল, মশলা ও প্লাস্টিকের পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান।এদিকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও শিল্পমালিকদের জানমালের নিরাপত্তার দাবিতে আজ রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি দেবেন শিল্পকারখানার মালিকেরা। বিসিক, কারখানার মালিক ও পুলিশ সূত্র জানায়, গত ২০ জানুয়ারি ভোরে একদল সংঘবদ্ধ ডাকাত ২০০ কেভির দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুটে নিয়ে যায়। এ সময় ডাকাত দল বিসিক শিল্প নগরীতে কর্তব্যরত নৈশপ্রহরী জহুরুল ইসলাম ও নিদান চন্দ্রকে মারধর করে।বিসিক শিল্প নগরীর হক পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ট্রান্সফরমার ডাকাতি হওয়ায় কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে মালিকেরা দৈনিক প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আবদুল মজিদ বলেন, বিকল্প ব্যবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালানো হচ্ছে।