গাইবান্ধা-ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের ওপর এবং ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের মন্দির-বাড়িঘরে হামলার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে মানববন্ধন হয়েছে।
গতকাল বুধবার সকালে পানছড়ির বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত মানববন্ধনে সাঁওতাল উন্নয়ন সংসদ, সাঁওতাল স্টুডেন্ট ফোরাম, সাঁওতাল ঐক্য পরিষদ, ত্রিপুরা উন্নয়ন সংসদ, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ভূমি পুনরুদ্ধার কমিটি, জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, সনাতন ছাত্র ও যুব পরিষদ ও পানছড়ি দেবালয় মন্দির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড় বা সমতল, কোথাও বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয়। এই দেশের নাগরিক হিসেবে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করতে চায়।
বক্তারা গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
সাঁওতাল উন্নয়ন সংস্থার সভাপতি মিন্টু সাঁওতালের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসএসের (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা, সাঁওতাল স্টুডেন্ট ফোরামের সভাপতি মানিক সাঁওতাল, ত্রিপুরা উন্নয়ন সংসদের সদস্য মনিন্দ্র লাল ত্রিপুরা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা।