ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে গতকাল সোমবার গাইবান্ধা ও ময়মনসিংহের ভালুকায় ১৮-দলীয় জোটের ডাকে হরতাল পালিত হয়েছে। বগুড়ায় বিএনপির ডাকে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে।
চট্টগ্রামে ছাত্রদলের ডাকে আজ পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের শহরের ভিএইড রোডের খন্দকার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। এ সময় দুটি মোটরসাইকেল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা একটার দিকে হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের কর্মী-সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের স্টেশন রোডের নতুন বাজার এলাকায় পৌঁছলে হরতালবিরোধীরা ধাওয়া করেন। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে হরতালবিরোধীরা শহরের নতুন বাজারে অবস্থিত শহর বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান খানের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। এ ছাড়া হরতাল চলাকালে শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার করা সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল ময়মনসিংহের ভালুকায় ১৮-দলীয় জোটের ডাকে হরতাল পালিত হয়েছে। রোববার রাতে ভালুকা-পোনাশাইল সড়কে একটি পিকআপ ভ্যান ও ভালুকা-মেদিলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী ও আমতলীতে দুটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।
এদিকে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা, পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে আজ চট্টগ্রামে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল গতকাল এই কর্মসূচি ঘোষণা করে।
মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ প্রথম আলোকে বলেন, আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলায় এই কর্মসূচি চলবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ১৮-দলীয় জোটের আহ্বায়ক সাইফুল ইসলাম গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতাল কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। গতকাল হরতালের সমর্থনে শহরের মাটিডালি এলাকায় সমাবেশ করে ছাত্রদল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকা থেকে বাদ রাখাসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাহ উদ্দিনের মুক্তির দাবিতে আজ টাঙ্গাইলের গোপালপুরে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম এই কর্মসূচি ঘোষণা করেন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বগুড়া, গাইবান্ধা ও টাঙ্গাইল প্রতিনিধি এবং ময়মনসিংহ অফিস]