গাইবান্ধা-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়ক সংস্কারকাজে ধীরগতি
গাইবান্ধা-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের সংস্কারকাজ চলছে ঢিমেতালে। সড়কটির ছয় কিলোমিটার অংশে সংস্কারের জন্য তিন মাস আগে ইটের খোয়া বিছানো হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখনো এই অংশে কার্পেটিং না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সড়কের এক কিলোমিটার অংশে এখনো কাজ শুরু হয়নি। এতে এ অংশে খানাখন্দের সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।এলজিইডির গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের কদমতল থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য তিন কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়। ছয়টি গ্রুপে ছয়জন ঠিকাদার এ কাজ পান। গত বছরের ডিসেম্বর মাসে সংস্কারকাজ শুরু হয়। এ পর্যন্ত মাত্র চার কিলোমিটার অংশে কার্পেটিং ও ছয় কিলোমিটার অংশে খোয়া বিছানোর কাজ শেষ হয়েছে। দরপত্র অনুযায়ী অক্টোবর মাসে এ কাজ শেষ হওয়ার কথা। ফারাজিপাড়া গ্রামের স্কুলশিক্ষক সাইফুল ইসলাম অভিযোগ করেন, গাইবান্ধা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়কটির ফারাজিপাড়া থেকে তুরকা পর্যন্ত এক কিলোমিটার অংশ সবচেয়ে খারাপ ছিল। অথচ এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণে এই অংশের কাজ এখনো শুরু না হওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হক বলেন, উপজেলার খোলাহাটি, কুপতলা, লক্ষ্মীপুর ও সুন্দরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ এ সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। কিন্তু এই সড়কটির সংস্কারকাজ শেষ করতে কর্তৃপক্ষ টালবাহানা করছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।সদর উপজেলার খোলাহাটি গ্রামের বাসিন্দা রিকশাচালক হেলাল মিয়া বলেন, ‘ভাঙাচোরা আস্তাত ইকসা চলেয়া পত্তেক দিন চাকা নষ্টো হয়া যায়। যেকনা ট্যাকা কামাই করি তাক দিয়্যা ইকসার পাচোতে খরচ হয়। চাউল কিনমো ক্যামন করি?’লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী আবদুল মোন্নাফ বলেন, ‘প্রায় প্রতিদিন এই সড়ক ধরে শহরে যাতায়াত করি। সড়কটির লক্ষ্মীপুর- গাইবান্ধা শহর অংশের কার্পেটিংয়ে ফাটল ধরেছে। কার্পেটিং করার আগেই ছয় কিলোমিটার অংশের কোথাও দেবে গেছে, আবার কোথাও খোয়া গুঁড়ো হয়ে যাচ্ছে।’এলজিইডির গাইবান্ধা কার্যালয়ের সহকারী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ বলেন, যথাসময়ে কাজ শুরু না করায় ফারাজিপাড়া থেকে তুরকা পর্যন্ত এক কিলোমিটার অংশের ঠিকাদার নাটোরের দাউদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই অংশের ঠিকাদারের প্রতিনিধি আনোয়ারুল কবির বলেন, কাজ শুরুর সময় বর্ষা এসে যায়। তাই কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। সড়কটির সংস্কারকাজ তদারকির দায়িত্বে নিয়োজিত গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর বলেন, কার্পেটিং করা অংশের যেসব অংশে ফাটল ধরেছে, তা অচিরেই মেরামত করা হবে। এ ছাড়া খোয়া বিছানো অংশের যেসব স্থানে খোয়া উঠে গেছে তা কার্পেটিং করার আগেই সংস্কার করা হবে।এলজিইডির গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান সড়কের কাজ শেষ করার ব্যাপারে তাঁদের গাফিলতি থাকার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, সড়কটির বিধ্বস্ত অংশ মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু ঠিকাদার কাজ শুরু করছেন না।