গাইবান্ধা শহরে অনেক সড়কবাতি জ্বলে না
গাইবান্ধা শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে অনেক সড়কবাতি জ্বলে না। কোথাও কোথাও বাতি জ্বলে আবার নিভে। ফলে সন্ধ্যার পর ব্যবসাপ্রতিষ্ঠানের আলো দিয়ে কাজ চললেও গভীর রাতে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হচ্ছে।
গত শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত শহর ঘুরে দেখা গেছে, গোটা শহরের অনেক সড়কবাতি নষ্ট থাকায় তা জ্বলে না। কোথাও কোথাও সড়কবাতি জ্বলছে আবার নিভছে। কোথাও বাতি নিবু নিবু করছে। বিশেষ করে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক ধরে পশ্চিম দিক থেকে শহরে ঢুকতে শাপলা মিল। এখান থেকে পূর্বপাড়া পর্যন্ত সড়কের দুই পাশের অনেক সড়কবাতি রাতে জ্বলে না। সন্ধ্যার পর দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। গভীর রাতে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়।
জানতে চাইলে শহরের ডিবি রোডের ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, এখানকার দোকানপাট সাধারণত রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এ সময় দোকানের আলোয় সড়ক আলোকিত হয়। কিন্তু রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত অনেক বাতি জ্বলছে না। তিনি বলেন, যখন আলোরদরকার, তখনই আলো থাকে না। ফলে রাতে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়।
শহরের পলাশপাড়ার সংস্কৃতিকর্মী নাহিদ হাসান বলেন, সড়কবাতি সচল থাকলে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। চুরি-ছিনতাই কম হয়। কিন্তু প্রায় এক মাস ধরে শহরের অসংখ্য সড়কবাতি অকেজো থাকলেও পৌর কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না। বিশেষত শহরের সবচেয়ে ব্যস্ততম ও গুরত্বপূর্ণ ডিবি রোড। এই রোডে অনেক সড়কবাতি জ্বলে না।
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, সড়কবাতির কারণে শহর আলোকিত থাকে। পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়। অথচ পৌর কর্তৃপক্ষের টনক নড়ছে না।
সড়কবাতি সংস্কারে কী ব্যবস্থা নিয়েছেন—জানতে চাইলে পৌরসভার প্যানেল মেয়র জি এম চৌধুরী গত রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোটা শহরে প্রায় চার হাজার সড়কবাতি রয়েছে। এর মধ্যে ঝড়বৃষ্টির কারণে ৭৮ থেকে ৯০টি নষ্ট হতে পারে; এর বেশি নয়। তিনি বলেন, আলোকিত শহর গড়তে পৌরসভা সচেষ্ট। কোনো সড়কবাতি সাত দিনের বেশি নষ্ট হয়ে থাকে, এমন নজির নেই। সড়কবাতির বিষয়ে সার্বক্ষণিকভাবে তদারকি করা হয়ে থাকে। পৌরবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ামাত্র বাতি সচল করা হচ্ছে।