গাইবান্ধা শহরে চলছে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শহরের ব্যস্ত সড়কের পাশে সারি সারি ডাস্টবিন। এসব ডাস্টবিনে নিজ উদ্যোগে ময়লা ফেলতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি রাতে পরিচ্ছন্নতার কাজ করছেন ১০৮ জন কর্মী। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে এই উদ্যোগ নিয়েছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি সাবেক মেয়র শামছুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর জাহাঙ্গীর কবির পরিচ্ছন্ন শহর গড়ার ঘোষণা দেন। ১০ ফেব্রুয়ারি থেকে ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত প্রায় ২০৫টি স্থাপন করা হয়েছে। শহরের ব্যস্ত ডিবি রোড, স্টেশন রোড, সার্কুলার রোড, পলাশবাড়ী সড়ক, হাসপাতাল রোড, ব্রিজ রোড, ভিএইড রোড ও পৌরসভার নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪০০টি ডাস্টবিন স্থাপনের কাজ চলছে। এ ছাড়া পৌর এলাকায় ১০৮ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। প্রতি রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলছে। পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখেন। প্রতিদিন দুটি ট্রাক ও প্রায় ২০টি রিকশা-ভ্যানে করে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। কর্মীরা ঠিকমতো কাজ করেন কি না, তা দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে তিনজন তদারকি কর্মকর্তা।
শহরের ডিবি রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার এ উদ্যোগ ভালো লাগছে। আগে যেখানে-সেখানে ময়লা ফেলতাম। এখন ডাস্টবিনে ফেলছি।’
শহরের হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, ‘আগে ওষুধের খোসা, কার্টন দোকানের সামনে ফেলতাম। ব্যবসায়ীদের অলসতার কারণেই চারপাশ অপরিচ্ছন্ন থাকত। এখন আর সেই সমস্যা নেই।’
শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াৎ হোসেন বলেন, পরিচ্ছন্নতার উদ্যোগ ভালো। তবে এটা যেন অব্যাহত থাকে।
এসব বিষয়ে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির গতকাল দুপুরে বলেন, ‘গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। তাই দায়িত্ব পাওয়ার পরই এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে ময়লা ফেলার জন্য বিভিন্ন অফিস-আদালতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’