গাইবান্ধা শহরের ব্যস্ত সড়কগুলো বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কগুলোর এখন বেহাল দশা। সড়কের ইট, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে। তাই এসব সড়কে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।গাইবান্ধা পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পৌর এলাকায় মোট ৯৯ দশমিক ৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা ২২ দশমিক ৫০ কিলোমিটার, বিটুমিনাস ৩০ দশমিক ৫০ কিলোমিটার, আরসিসি ৬ দশমিক ২৫ কিলোমিটার, কাঁচা ২৯ দশমিক ২৫ কিলোমিটার এবং অন্যান্য বিভাগের ১১ কিলোমিটার। বিশেষ করে শহরের ডিবি রোডের কাচারিবাজার এলাকা, আর্দশ কলেজ রোডের ট্রাফিক মোড় থেকে উপজেলা মডেল স্কুল, গোরস্তানপাড়া রোডের গোরস্তান মোড় থেকে পার্লস ক্লিনিক ও ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকার অবস্থা করুণ। শহরের বাংলাবাজার এলাকার চাকরিজীবী তামজিদুর রহমান বলেন, বিধ্বস্ত সড়কে রিকশা-ভ্যানে যাতায়াত দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ। সাবধানে পথ চলতে গিয়েও হোঁচট খেতে হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।এদিকে ২০০২ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও পৌরসভার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। সংস্কারের অভাবে সড়কগুলো চলাচলের অনুপযোগী। এর মধ্যে গোরস্তানপাড়া রোডটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উত্তর পাশে গাইবান্ধা সরকারি বালক ও ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌর কবরস্থান। অথচ বর্তমানে এই রোডের করুণ দশা। জেলা উদীচীর সম্পাদক মাসুদুল হক বলেন, শুধু শহরের লোকই নয়, প্রতিদিন সাঘাটা ও ফুলছড়ি উপজেলার হাজার হাজার মানুষ গোরস্তানপাড়া রোড দিয়ে জেলা শহরে যাতায়াত করে। কিন্তু সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখেও পৌর কর্তৃপক্ষের টনক নড়ছে না।শহরের ডেভিড কোংপাড়ার বাসিন্দা ও গাইবান্ধা আদর্শ কলেজ শিক্ষক গৌতমাশিস গুহ বলেন, ইট-খোয়া উঠে যাওয়ায় আদর্শ কলেজ রোডটি চলাচলের অনুপযোগী। ফলে কলেজগামী শিক্ষক ও ছাত্রছাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। এ ছাড়া এই সড়ক ধরে ডিসি অফিসে যাতায়াত করেন সদর ইউএনও অফিস, গণপূর্ত, পিটিআই, পুলিশ লাইনসহ বেশ কিছু অফিসের লোকজন। কিন্তু পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হয়নি। শহরের কাচারিবাজার এলাকার ব্যাংক কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, ডিবি রোডটি জেলা শহরের প্রাণ। অথচ এর বেহাল দশা দেখে হতবাক হতে হয়। এমনিতেই সড়ক বিধ্বস্ত উপরন্তু সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। সড়কের পানি নিষ্কাশনের জন্য লাখ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু সেগুলো কোনো কাজে আসছে না। এ প্রসঙ্গে গাইবান্ধা পৌর মেয়র মো. শামছুল আলম প্রথম আলোকে বলেন, আর্দশ কলেজ রোড সংস্কারে দরপত্র আহ্বান করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। গোরস্তানপাড়া রোড সংস্কারে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ডিবি রোডটি পৌরসভার না হওয়ায় এটি সংস্কার করা যাচ্ছে না। তবে এটি সংস্কারে সওজ বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। অথচ সওজ বিভাগ সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম উদ্দিন জানান, ইটের খোয়া ফেলে বিধ্বস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।