গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গাইবান্ধার উপপরিচালক মো. মোখলেছুর রহমান উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ অক্টোবর উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। সেই চিঠি গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যান আব্দুল করিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ও গাইবান্ধা বিশেষ ট্রাইব্যুনাল আদালত গ্রহণ করেন। ফলে সরকার তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মনে করায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগমকে উপজেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, আব্দুল করিমের বিরুদ্ধে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতা ও সহিংসতা এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গাইবান্ধা সদর থানায় দুটি মামলা করা হয়। এই দুটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল করিম গতকাল দুপুরে বলেন, ‘বরখাস্ত হবার কথা শুনেছি, তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি।’ তিনি বলেন, ‘যেসব ঘটনায় আমার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেসব ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি ষড়যন্ত্রের শিকার। আমি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’