গাইবান্ধা সদরের ওসিকে প্রত্যাহার
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমানকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ উপ মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ওই দিন রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বভার দেওয়া হয়েছে ওই থানারই ওসি (তদন্ত) ওসমান আলীকে।
গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্ত শেষে পুলিশের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিচারিক হাকিম আদালতের কর্মচারী কমল চৌধুরীর দায়ের করা মামলার বিবরণে জানা যায়, গত ২ জুলাই কমল চৌধুরী সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখায় চেক দিয়ে টাকা তুলতে যান। সে সময় ব্যাংকে কর্মরত সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) আইয়ুব হোসেন ক্যাশ কাউন্টারে চেকের সিরিয়াল ওলটপালট করছিলেন। এর প্রতিবাদ করায় কমল চৌধুরীর সঙ্গে আইয়ুব হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে সদর থানার ওসি রাজিউর রহমান ওই ব্যাংকে গিয়ে কমল চৌধুরীকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় কমল চৌধুরী বাদী হয়ে গত ৫ জুলাই গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, দুই পুলিশ কর্মকর্তা ও ছয় কনস্টেবলকে আসামি করে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। আদালত ওই দিনই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে বর্তমানে তাঁরা জামিনে আছেন।
এদিকে ঘটনাটি তদন্তে ঘটনার দিন ২ জুলাই অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। ওই দিনই দুই কর্মকর্তা ও ছয় পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয় এবং গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।