গাইবান্ধা সরকারি কলেজের সেই অধ্যক্ষ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি কলেজের সেই অধ্যক্ষ (সাবেক) ও বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১০-১১ শিক্ষাবর্ষে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থীকে উৎকোচের বিনিময়ে ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল শনিবার ওই কলেজের অধ্যক্ষ এ তথ্য জানান।
অধ্যক্ষ জাহেদুল ইসলাম জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ২২ অক্টোবর রেজাউল করিমের সাময়িক বরখাস্তের আদেশে সই করেন।
জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজের তৎকালীন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রহমত আলী খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন অধ্যক্ষ রেজাউল করিম। এই কমিটি মেধাক্রম থেকে ভর্তি শেষে উৎকোচের বিনিময়ে মানবিক ও বাণিজ্য বিভাগে অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থী ভর্তি করেন। ওই সময় নিবন্ধনের জন্য এসব শিক্ষার্থীর তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই তালিকা যাচাই করলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়টি ধরা পড়ে।
বিষয়টি জানতে পেরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সাবেক উপপরিচালক মলয় কুমার সাহা ২০১২ সালের ৯ সেপ্টেম্বর অধ্যক্ষ রেজাউল করিমসহ সাত শিক্ষকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। তাঁদের অভিযুক্ত করে গত ২ জুন মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ভর্তিকালীন কমিটির আহ্বায়ক রহমত আলী খান ওই কমিটি থেকে পদত্যাগ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ৭ ও ৮ অক্টোবর ওই কমিটির অপর পাঁচজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ২২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে আলাদাভাবে সাবেক অধ্যক্ষ রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়। রেজাউল করিম ও ভর্তি কমিটির এই দুর্নীতি নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।