গাইবান্ধা সরকারি কলেজের সেই পাঁচ শিক্ষক বরখাস্ত
গাইবান্ধা সরকারি কলেজের সেই পাঁচজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১০-১১ শিক্ষাবর্ষে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থীকে উৎকোচের বিনিময়ে ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বরখাস্ত করা হয়। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগপত্র দাখিল করলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ৭ ও ৮ অক্টোবর দুই দফায় বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন।
বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন গাইবান্ধা সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৎকালীন অধ্যাপক ও বর্তমানে দিনাজপুর ডিগ্রি কলেজে কর্মরত আবদুর রশিদ; ইসলামের ইতিহাস বিভাগের তৎকালীন অধ্যাপক ও বর্তমানে ঈশ্বরদী সরকারি কলেজে কর্মরত মোস্তাফিজুর রহমান; অর্থনীতি বিভাগের তৎকালীন অধ্যাপক ও বর্তমানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে কর্মরত আসাদুল ইসলাম; বাংলা বিভাগের তৎকালীন অধ্যাপক ও বর্তমানে রংপুর সরকারি কলেজে কর্মরত শহিদুল ইসলাম এবং গণিত বিভাগের তৎকালীন অধ্যাপক ও বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজে কর্মরত বৃন্দাবন সরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১০-১১ শিক্ষাবর্ষে গাইবান্ধা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে এক হাজার ৬২৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য অনুমোদন দেয়। কলেজের তৎকালীন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রহমত আলী খানকে আহ্বায়ক ও বরখাস্ত হওয়া ওই পাঁচ শিক্ষককে সদস্য করে ছয় সদস্যবিশিষ্ট একটি ভর্তি কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রথম মেধাক্রম থেকে এক হাজার ২৮ জন শিক্ষার্থীকে ভর্তি করে। প্রথম মেধাক্রম শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় ও তৃতীয় মেধাক্রম পাঠানো হয়। তৃতীয় মেধাক্রম থেকে ভর্তি শেষে মানবিক ও বাণিজ্য বিভাগে ১০২টি আসন শূন্য থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয় মেধাক্রম অনুসারে যোগ্য প্রার্থী বাছাই করে শূন্য আসনে ভর্তি-প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেয়। এ সুযোগে গাইবান্ধা সরকারি কলেজ ভর্তি কমিটি উৎকোচের বিনিময়ে মানবিক ও বাণিজ্য বিভাগে ১০২টি শূন্য আসনের বিপরীতে ১৯০ জন শিক্ষার্থীকে ভর্তি করায়। অতিরিক্ত ৮৮ জন ভর্তি হওয়া শিক্ষার্থীর তালিকা রেজিস্ট্রেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়টি ধরা পড়ে।