গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কার্পেটিং উঠে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝাঁকুনি খেতে খেতে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। এতে গাইবান্ধা সদর উপজেলার ১৮ ইউনিয়নের প্রায় সাত লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে লক্ষ্মীপুর হয়ে সুন্দরগঞ্জ পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। এর মধ্যে জেলা শহরের অদূরে কদমেরতল থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ১১ কিলোমিটারে কদমেরতল, ফারাজিপাড়া, তুরকা, চাপাদহ, কুপতলা, বেড়াডাঙ্গা ও লক্ষ্মীপুর বাজার এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে করুণ।
গত রোববার এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাইবান্ধা সদর উপজেলার ফারাজিপাড়া গ্রামের রিকশাভ্যানচালক জলিল মিয়া (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পোত্তেক দিন ভাংগা আস্তাত একসা (রিকশা) চলেয়া কমোরে ব্যতা হচে। তার উপর যেকনা ট্যাকা কামাই করি, তাক একসা ভালো করতেই যায়। ঈদে খরোচ করমো কী, খামো কী?’ একই গ্রামের ব্যবসায়ী শাহ আলম বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। এতে রাস্তাটির অবস্থা আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে দুর্ভোগের সীমা থাকে না। তখন সড়কে গর্তে পানি জমে যানবাহন চলাচল ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম বলেন, সদর উপজেলার খোলাহাটি, কুপতলা, লক্ষ্মীপুর ও সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় সাত লাখ মানুষ এই সড়কপথে জেলা শহরে যাতায়াত করে। কিন্তু সড়কটির অবস্থা যাচ্ছেতাই হয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি।
কুপতলার কৃষক আবুল কাসেম (৪৮) বলেন, ‘এ্যাংকা আস্তাত অটোত (অটোরিকশা) চরি হামারগরে পেটের বিষ ধরি গ্যাচে। আস্তা দিয়্যা উগি (রোগী) নিয়্যা গ্যালে অসুক আরো বারি (বৃদ্ধি) যায়।’
গাইবান্ধা নাগরিক ফোরামের আহ্বায়ক আনোয়ারুল কবির বলেন, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকেও অনেক যানবাহন এই সড়কপথে গাইবান্ধা শহরে আসে। সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কটির কার্পেটিং উঠে গেছে। খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রায়ই ঘটছে
দুর্ঘটনা। বিশেষত বৃষ্টির পর এই সড়কে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এসব বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন বলেন, ২০১০ সালে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়কটি কার্পেটিং করা হয়। কিন্তু ভারী যানবাহন চলাচল করায় সড়কটি এত কম সময়ে এত ক্ষতিগ্রস্ত হলো। তবে চলতি অর্থবছরে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।