গাইবান্ধায় অপরিবর্তিত কুড়িগ্রামে উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতি গতকাল মঙ্গলবারও অপরিবর্তিত ছিল। এ দিন কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত সব কটি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বানভাসি মানুষদের দুর্ভোগ কমেনি।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গতকাল ব্রহ্মপুত্র নদের পানি কমলেও ফুলছড়ি এলাকায় বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এ ছাড়া ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু ভাঙন থামেনি। গতকাল মঙ্গলবার পর্যন্ত ছয় দিনে বন্যাকবলিত চারটি উপজেলার ১৪টি ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর, বহু গাছপালা ও আবাদি জমি বিলীন হয়েছে।
এ ছাড়া ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফুলছড়ি উপজেলার সিংড়িয়া ও রতনপুর এলাকায় ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে যমুনা নদীর ভাঙনে একই উপজেলার বাউসি ঈদগাহ মাঠের অর্ধেক নিশ্চিহ্ন হয়ে গেছে। অবশিষ্ট অংশ বিলীন হওয়ার পথে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, বাঁধের সিংড়িয়া ও রতনপুর অংশে ভাঙন ঠেকাতে ইতিমধ্যে বালুভর্তি ১৮ হাজার জিও টেক্সটাইল ব্যাগ নদীর তীরে স্থাপন করা হয়েছে। ফলে বাঁধ কিছুটা ঝুঁকিমুক্ত হয়েছে। ভাঙনকবলিত অন্য এলাকায় বালুর বস্তা ফেলে প্রতিরক্ষামূলক কাজ চলছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান জানান, গতকাল সকালে তিস্তায় ৫৭ সেন্টিমিটার, দুধকুমারে ৩২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ৩১ সেন্টিমিটার ও ধরলায় ১১ সেন্টিমিটার পানি কমছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন দেখা দিয়েছে।
জেলা ত্রাণ কর্মকর্তা আবদুল মোত্তালেব জানান, চলতি বন্যায় নদীভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৭১৬ পরিবার। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার পরিবার। জেলার নয়টি উপজেলার মধ্যে সদর, উলিপুর, চিলমারী, রৌমারী, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও রাজীবপুর উপজেলায় বন্যার্ত মানুষের জন্য ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত সেগুলো বিতরণ শুরু হয়নি।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমীর হোসেন ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম।
আবদুল গফুর বলেন, ‘আমার ইউনিয়নে পানিবন্দী পরিবারের সংখ্যা আড়াই হাজার। সেখানে বরাদ্দ পেয়েছি মাত্র ৩৩৮ জনের।’