গাইবান্ধায় কঠোর নিরাপত্তার মধ্যেও আতঙ্ক কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় ৬ ফেব্রুয়ারি পেট্রলবোমা মেরে আটজনকে হত্যার পর থেকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। তার পরও সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক কাটছে না।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কার্যালয় সূত্র জানায়, টানা অবরোধ ও হরতালে নাশকতা হয় এমন ১৭টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দলের ডাকা অবরোধে তিন শতাধিক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে শিক্ষকসহ ১০ জন নিহত, অন্তত ২২ জন দগ্ধ ও অর্ধশতাধিক আহত হন। তবে পলাশবাড়ী উপজেলা সদরে নাশকতা বেশি ঘটেছে বলে জানা গেছে। এসব এলাকা থেকে নাশকতায় জড়িত সন্দেহে এক মাস পাঁচ দিনে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এলাকাগুলোয় পুলিশ ছাড়াও বিজিবি ও র্যাব সব সময় টহল দিচ্ছে।
জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, প্রতিদিন র্যাব-বিজিবির কর্মকর্তাসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা টাকার বিনিময়ে এলাকার গরিব লোকজনকে দিয়ে এসব নাশকতা চালাচ্ছে। তবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। পুলিশি পাহারায় কিছু বাস চললেও যাত্রী নেই। সাদুল্যাপুর উপজেলার মনদুয়ার গ্রামের চাকরিজীবী জলিল মিয়া বলেন, গত মঙ্গলবার একটি বাসে ঢাকা থেকে বাড়ি এসেছেন তিনি। ৫৬ আসনের বাসে মাত্র ১৫ জন যাত্রী ছিল। গাইবান্ধা শহরের সুখনগর এলাকার মোটরশ্রমিক সাদেকুল ইসলাম বলেন, প্রশাসন নিরাপত্তার কথা বললেও গাড়িচালক ও যাত্রীদের আতঙ্ক কমছে না। কারণ, পুলিশি পাহারার মধ্যেও পেট্রলবোমা মারা হচ্ছে।
গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের মোটরশ্রমিক শহিদুল ইসলাম বলেন, ‘দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা মজুরি পেতাম। কোনোমতে ছয় সদস্যের সংসার চলত। অবরোধ শুরুর পর থেকে কাজ নেই। সুদের ওপর টাকা নিয়ে সংসার চলছে।’
জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ বলেন, ইউনিয়নভুক্ত প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের ৯০ শতাংশই এখন বেকার। এক মাস ধরে পুলিশি পাহারায় যেসব যানবাহন চলছে, তাতে ৩০০ শ্রমিকের রোজগার হচ্ছে। তাই শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসক দুই মেট্রিক টন চাল দিতে চেয়েছেন।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘প্রশাসন যতই নিরাপত্তার কথা বলুক, হরতাল-অবরোধ মানেই আতঙ্ক। বিরোধী বা সরকারি দল কেউ-ই সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে না। করে ক্ষমতায় যাওয়ার জন্য।’