গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় চালক নিহত
গাইবান্ধা সদর উপজেলার উজির ধরনীবাড়ি গ্রামে গতকাল সোমবার ট্রেনের ধাক্কায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। তাঁর নাম মাহবুব মিয়া (২৫)। তিনি ওই গ্রামের জলিল মিয়ার ছেলে।
বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে মাহবুব মিয়া মোটরসাইকেলে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন। তিনি সকাল ১০টার দিকে সান্তাহার-লালমনিরহাট রেললাইনের উজির ধরনীবাড়ি এলাকার রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় ওই লাইন দিয়ে আসা লালমনিরহাট থেকে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের পাশে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে রিকশা-ভ্যানযোগে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাহবুব মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোবাসচালক হিসেবে চাকরি করতেন। তিনি ছুটি নিয়ে গত শুক্রবার বাড়িতে আসেন।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মাহবুবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।