গাইবান্ধায় দুই সাংবাদিক গ্রেপ্তার, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও দৈনিক ভোরের কাগজ-এর গোবিন্দগঞ্জ প্রতিনিধি শাহ আলম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
তবে গ্রেপ্তার হওয়া দুই সাংবাদিকের স্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দুর্নীতি নিয়ে সংবাদ করায় হয়রানির উদ্দেশে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম দলবল নিয়ে গত ২ সেপ্টেম্বর উপজেলার জিরাই গ্রামের গৃহবধূ নাজনীন বেগমকে মারধর করেন। এই ঘটনায় নাজনীনের ভাই রাহেনুল ইসলাম ওই দুই সাংবাদিকসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করেন। মামলার ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে সাংবাদিক শাহ আলমের স্ত্রী শাহজাদী বেগম মুঠোফোনে বলেন, ‘আমার স্বামী কোনো অপরাধ করেননি। গোবিন্দগঞ্জ থানার ওসির বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখালেখির কারণে ওসির বিরুদ্ধে তদন্ত হয়েছে। এসব কারণে ক্ষুব্ধ ওসি ওই নারীকে দিয়ে মিথ্যা মামলা করান।’ সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী নাজমুন নাহারও একই কথা বলেন।
এ বিষয়ে ওসি জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক শাহ আলমের বিরুদ্ধে নারী নির্যাতন, মারধর ও হত্যার অভিযোগ ১২টি মামলা রয়েছে। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে রয়েছে নয়টি। পুলিশ এতজনকে মামলা করতে কীভাবে উদ্বুদ্ধ করবে?
এদিকে নাজনীন বেগম বলেন, ওই দুই সাংবাদিক তাঁর স্বামীর বন্ধু। তাঁদের প্ররোচনায় গত ৩০ মার্চ তাঁর স্বামী তাঁকে মারধর করেন।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল করিম বলেন, সাংবাদিক শাহ আলম সরকার ওসির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। তিনি ওসির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, তাঁর ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান চলার অভিযোগ আনেন।