গাইবান্ধায় বন্যায় বীজতলার ক্ষতি
সাম্প্রতিক বন্যায় গাইবান্ধার চারটি উপজেলায় ১৯৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে পাঁচ হেক্টর জমির আমন বীজতলার বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। এই বিপুল ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরে অবস্থিত গাইবান্ধার চারটি উপজেলার ১৪টি ইউনিয়ন প্লাবিত হয়। উপজেলাগুলো হলো: সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা। গত ১০ জুন এ এলাকা প্লাবিত হয় ও ১৭ জুন পানি নেমে যেতে শুরু করে।
সাত দিনের বন্যায় চারটি উপজেলার ২২৫ হেক্টর জমির ফসল ডুবে যায়। এর মধ্যে আউশ ধান ৭৫ হেক্টর, পাট ৩০ হেক্টর, আমন বীজতলা পাঁচ হেক্টর, শাকসবজি ১১৫ হেক্টর। পানিতে পাটের ক্ষতি না হলেও ১৯৫ হেক্টর জমির আউশ ধান, আমন বীজতলা ও শাকসবজি নষ্ট হয়ে গেছে।
ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের তিনটি গ্রাম গত সোমবার ঘুরে দেখা গেছে, পানিতে ডুবে থাকায় আমনের বীজতলাগুলো পচে গেছে। পলি জমে আউশ ধানের গাছ সাদা দেখা যাচ্ছে। কোনো কোনো স্থানে পানির তোড়ে ধানগাছ হেলে গেছে।
ওই ইউনিয়নের বাউশি গ্রামের কৃষক আবদুল কুদ্দুস (৬৫) বলেন, এবারের বন্যায় তাঁর ১৫ শতক জমির আমন বীজতলা নষ্ট হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আ কা ম রুহুল আমিন বলেন, বন্যা বেশি দিন স্থায়ী হলে এসব ফসলের আরও ক্ষতি হতো। কিন্তু পানি নেমে যাওয়ায় তেমন ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে আপাতত কোনো কর্মসূচি নেই।