গাইবান্ধায় বর্ষণে জীবনযাত্রা বিপর্যস্ত নদীভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনের দফায় দফায় বর্ষণে গাইবান্ধায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি নদীভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি এবং ঘরবাড়ি।
গতকাল শুক্রবার দিনভর বর্ষণে বিভিন্ন পেশার লোকজন দুর্ভোগের শিকার হন। বিশেষত বর্ষণের কারণে গতকাল দিনমজুরেরা শ্রম বিক্রি করতে পারেননি।
ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের রিকশাচালক বাবলু মিয়া (৪৫) বলেন, ‘পোত্তেক দিন শহোরোত একসা চলাই। পোত্তেক দিন কামাই হয় ২৫০ থাকি ২৭৫ ট্যাকা। আচকে (শুক্রবার) ঝরির (বৃষ্টি) মদ্দে কামাই করচি ৬৫ ট্যাকা। তাক দিয়া চাউল কিনমো ক্যামন করি।’
সরেজমিনে দেখা যায়, বর্ষণের কারণে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, সাধারণত বর্ষণ, পানি বৃদ্ধি ও কমার সময় নদীর ভাঙন দেখা দেয়। গত তিন দিনের বর্ষণে ওই তিনটি নদীর ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, তারাপুর; গাইবান্ধা সদর উপজেলার খারজানি; সাঘাটা উপজেলার চিনিরপটল, দীঘলকান্দি, হলদিয়া; গোবিন্দি ও ফুলছড়ি উপজেলার সিংরিয়া, রতনপুর, কামারপাড়া, বাউসি গ্রামের আবাদি জমি ও অন্তত ৪০টি ঘরবাড়ি বিলীন হয়েছে।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, বর্ষণে বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিপৎসীমার নিচে। তিনি আরও বলেন, এই মুহূর্তে হলদিয়া এলাকায় ভাঙন রোধে কোনো কর্মসূচি নেই। তবে সিংরিয়া, রতনপুর এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ চলছে।