গাইবান্ধায় রেলে নাশকতায় শিবিরের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রেলপথে নাশকতার ঘটনায় ছাত্রশিবিরের কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। নাশকতার ঘটনায় পরের দিন বুধবার রাতে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় নাম উল্লেখ করে ৮৩ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে গতকালও ওই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
নাশকতা ও হত্যার অভিযোগে বোনারপাড়া রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল হক বাদী হয়ে ওই মামলা করেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দাবি করেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম ও দুদু মিয়া নিজেদের শিবিরের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, নাশকতা ঘটানোর জন্য পরিকল্পিতভাবে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলা হয়।’
নাশকতার ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার সাদ্দাম হোসেন (২২) ও দুদু মিয়াকে (২৫) আটক করা হয়। তাঁদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রেলপথে নাশকতাজনিত ট্রেন দুর্ঘটনায় যে চার ব্যক্তি নিহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের পরিচয় গতকাল মিলেছে। তিনি হলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের শমসের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪০)।