গাইবান্ধার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান ও একজন ব্যাংক কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত। ওই আদালতের কর্মচারী কমল চৌধুরীসহ তিন কর্মচারীকে মারধরের অভিযোগে করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
কমল চৌধুরীর আইনজীবী আনিসুর রহমান জানান, গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম তাসকিনুল হক ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২৪ ঘণ্টার মধ্যে এই আদেশ তামিল করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য গাইবান্ধার সহকারী পুলিশ সুপারকে (এ সার্কেল) নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সদর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারকে বলা হয়েছে।
আইনজীবী আনিসুর রহমান জানান, গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, গাইবান্ধা ডিবি (গোয়েন্দা) পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন, কনস্টেবল মো. রফিক, গাইবান্ধা পুলিশ লাইনসের এএসআই আইয়ুব হোসেন এবং ওই ব্যাংক শাখায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের কর্মচারী কমল চৌধুরী গতকাল দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান আইনজীবী আনিসুর রহমান।
মামলার আরজিতে বলা হয়, কমল চৌধুরী গত বৃহস্পতিবার সকালে একজন বিচারক ও তিনজন কর্মকর্তা-কর্মচারীর বেতনের টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় যান। তিনি চেক জমা দিয়ে টোকেন সংগ্রহ করেন। দুপুরের পর কমল চৌধুরী ব্যাংকে গিয়ে হইচই শুনতে পান। তিনি ব্যাংকের ভেতরে ঢুকে দেখেন, এএসআই আইয়ুব হোসেন নিজেই ক্যাশ কাউন্টারের ভেতর চেকের সিরিয়াল ওলটপালট করছেন। এ সময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতের রেকর্ড কিপার মোজাম্মেল হক, ক্যাশিয়ার জুয়েল কবীরসহ অন্য গ্রাহকেরা এএসআই আইয়ুবের এ কাজের প্রতিবাদ জানান। এতে আইয়ুব ক্ষিপ্ত হয়ে তাঁদের ধমক দিয়ে বলেন, ‘আমি পুলিশের লোক, বেশি বাড়াবাড়ি করলে ব্যাংক ডাকাতির মামলায় ফেলে দেব।’ তখন কমল চৌধুরী উভয় পক্ষকে শান্ত হওয়ার জন্য বলেন। এতে আইয়ুব আরও উত্তেজিত হয়ে কমল চৌধুরীকে গালিগালাজ করেন এবং ব্যাংক ডাকাতি মামলায় জড়ানোর হুমকি দেন। পরে তিনি তাঁর হাতে থাকা হাতকড়া দিয়ে ব্যাংকের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন এবং অন্য পুলিশ সদস্যদের পোশাক পরে তৈরি হতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর আইয়ুব হোসেন গেট খুলে দিলে সাদা পোশাকে এসআই রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা ব্যাংকে ঢোকেন। এ সময় কমল চৌধুরীকে ডেকে নিজের কক্ষে নেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আয়েশ উদ্দিন। ওই কক্ষেই কমল চৌধুরীকে এলোপাতাড়ি মারধর করে এবং টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যান পুলিশ সদস্যরা। সেখানেও তাঁকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আদালতের রেকর্ড কিপার মোজাম্মেল হক, ক্যাশিয়ার জুয়েল কবীরকেও মারধর করা হয়। এদিকে খবর পেয়ে সদর থানার ওসি রাজিউর রহমান ব্যাংক শাখায় গিয়ে কমল চৌধুরীকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসা নেন।
জানতে চাইলে ওসি রাজিউর রহমান বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা শুনেছি। তবে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে, তা সঠিক নয়। মূলত উত্তেজনার খবর শুনে ব্যাংক শাখায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে শাখা ব্যবস্থাপক আয়েশ উদ্দিনের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।