গাইবান্ধার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে আনীত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ তদন্ত করা হয়েছে। গত রোববার উচ্চপর্যায়ের একটি কমিটি গাইবান্ধায় এসে তদন্তের কাজ করেন।
তদন্ত কমিটি রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন তদন্তকাজ চালায়। তবে তদন্তে কী পাওয়া গেছে, তা জানা যায়নি। দুই সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম। কমিটির অপর সদস্য হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং) চৈতন্য কুমার।
জানা গেছে, পলাশবাড়ী সদর ইউনিয়নে তিনটি ব্লকের মধ্যে জামালপুর ব্লকে কাজী মিজানুর ও গিরিধারিপুর ব্লকে আবদুর
রহমান এবং নুনিয়াগাড়ি ব্লকে তরিকুল ইসলামের কর্মরত থাকার কথা। কিন্তু অপর দুজন কর্মরত থাকলেও তরিকুল ইসলাম প্রায়
এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি পরিবার নিয়ে ঢাকায় বাস করেন। মাসে এক দিন নিজ কার্যালয়ে গিয়ে বেতন নেন। এ নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন তিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর দ্বিতীয় দফা তদন্ত হলো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আমিনুল ইসলাম উচ্চপর্যায়ের তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তের সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম ও পলাশবাড়ী সদর ইউনিয়নের নুনিয়াগাড়ি ব্লকের কৃষকেরা উপস্থিত ছিলেন।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে গত ৪ মার্চ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আমিনুল ইসলাম তদন্ত করে পরদিন প্রতিবেদন দেন।