গাইবান্ধার ঘাঘট সেতু থেকে অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের প্রধান ডাকঘর-সংলগ্ন ঘাঘট সেতু থেকে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড এখনো উচ্ছেদ হয়নি। এমনকি অবৈধ দখল উচ্ছেদ হয়নি সেতুর ফুটপাত থেকেও। ফলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে।
এ নিয়ে ২০১৩ সালের ১ নভেম্বর বিশাল বাংলায় ‘ঘাঘট সেতুতে অটোরিকশাস্ট্যান্ড’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এত দিনেও সেতু থেকে অবৈধ স্ট্যান্ডটি সরিয়ে নেয়নি কর্তৃপক্ষ।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে ঘাঘট নদের ওপর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঘাঘট সেতুর ওপর সারিবদ্ধভাবে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা রাখা হয়েছে। সেতুর ফুটপাতে ভ্রাম্যমাণ ফল বিক্রেতাদের বেচাকেনা চলছে। উত্তর দিক থেকে একটি ছোট্ট ট্রাক সেতুতে উঠে যানজটে বের হতে পারছে না। এক ট্রাফিক কনস্টেবল বাঁশি বাজাচ্ছেন। তিনি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এ সময় কথা হয় শহরের ব্রিজ রোডের কলেজশিক্ষক রেজাউল আমিনের সঙ্গে। তিনি বলেন, সেতুর দুই পাশে দিনভর অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ফলে দুটি অটোরিকশা একসঙ্গে অতিক্রম করতে পারে না। এ অবস্থায় বাস বা ট্রাক ঢুকলে যানজটের সৃষ্টি হয়। তখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।
শহরের ব্রিজ রোড এলাকার ব্যবসায়ী শামীম মিয়া বলেন, ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের কারণে সেতুর ফুটপাত দিয়েও যাতায়াত করা যায় না। বিশেষত স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা বেশি বিপাকে পড়ে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও ফল হচ্ছে না।
ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ফরিদ মিয়া বলেন, ‘সেতুর ওপর বিক্রি বেশি, তাই ব্যবসা করছি।’ জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলাম বলেন, ‘যানজট হলেও কোনো উপায় নেই। শহরে কোনো অটোরিকশাস্ট্যান্ড নেই। তাই বাধ্য হয়ে সেতুর ওপর অটোরিকশা রাখছি।’
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, সদর উপজেলার ৬টি ও সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নের লাখ লাখ মানুষ সেতু ব্যবহার করে জেলা শহরে যায়। উত্তর দিক থেকে জেলা শহরে ঢুকতে হলে সেতু ছাড়া বিকল্প পথ নেই। কিন্তু সেতুর ওপর অবৈধভাবে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড গড়ে ওঠায় সব সময় যানজট লেগেই থাকছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পৌর এলাকার পৃথক জায়গায় ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, দুই সপ্তাহের মধ্যে এটা করতে পারব। তখন ওই সেতুর ওপর অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না।’