গাইবান্ধার চার ইউএনও প্রত্যাহার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন গোবিন্দগঞ্জের আশরাফুজ্জামান, পলাশবাড়ির তোফাজ্জল হোসেন, সাদুল্যাপুরের ফরহাদ হোসেন ও সুন্দরগঞ্জের আহসান হাবীব। দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব-কর্তব্যে অবহেলার কারণে তাঁদের প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রত্যাহার করা হয়নি। গতকাল সন্ধ্যায় রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখেসর নির্দেশে তাঁদের বদলি করা হয়। এর আগে গত সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার সাজিদ হোসেনকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সারা দেশে মোট আটটি আসনে ফলাফল স্থগিত থাকে। এর মধ্যে গাইবান্ধা জেলায় তিনটি আসনের ২০৬টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ৮০টি ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোট কেন্দ্রে কর্মকর্তাদের ওপর হামলা, ব্যালট পেপার ছিনতাই ও পুড়িয়ে দেওয়া, সংঘর্ষ এবং বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী না পৌঁছানোর কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়নি।