গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে ১২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে আগামী ১২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
২১ ডিসেম্বর তদন্ত সংস্থা ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ও চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেয়। এই মামলায় গতকাল দিন ধার্য ছিল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল ওই দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান ও সাবিনা ইয়াসমিন খান। পরে মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতের জন্য তিন মাস সময় চাওয়া হয়। ট্রাইব্যুনাল আগামী ১২ মার্চ ফরমাল চার্জ দাখিলের জন্য দিন রেখেছেন।
ছয় আসামি: গাইবান্ধা সদরের মো. আব্দুল জব্বার মণ্ডল, তাঁর ছেলে মো. জাছিজার রহমান ওরফে খোকা, মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল, মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ, মো. আজগর হোসেন খান ও মো. রনজু মিয়া। তাঁদের মধ্যে রনজু মিয়া ছাড়া অপর পাঁচ আসামি পলাতক। গতকাল রনজু মিয়াকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তদন্তে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে বাধ্য করা, হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এসেছে। তদন্ত সংস্থা জানায়, আসামিরা সবাই রাজনৈতিকভাবে জামায়াতের সক্রিয় কর্মী। আসামিদের বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর তদন্ত শুরু হয়ে চলতি বছরের ২১ ডিসেম্বর শেষ হয়।