গাইবান্ধার তিন দিনব্যাপী ইজতেমা শেষ

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট কাশিনাথ উচ্চবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত তিন দিনের জেলা ইজতেমা গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ হোসেন। গত বৃহস্পতিবার ফজরের নামাজের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
মোনাজাতে অংশ নিতে গতকাল ভোর থেকে বিভিন্ন এলাকার লোকজন বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলে করে ইজতেমাস্থলে আসতে থাকেন। সকাল ১০টার মধ্যে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। ফলে ইজতেমার মূল মাঠে জায়গা না হওয়ায় এলাকার কয়েকটি বিদ্যালয়ের মাঠ, হেলিপ্যাড, আশপাশের ফাঁকা জায়গা, বাড়ির ছাদ, বিভিন্ন যানবাহনের ছাদ, গাইবান্ধা-পলাশবাড়ী পাকা সড়কে দাঁড়িয়ে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেন।