গাইবান্ধার তিন পৌরসভায় ১১৮টি মনোনয়নপত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে গত বৃহস্পতিবার ও গতকাল রোববার এ দুই দিনে গাইবান্ধার তিন পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে মোট ১১৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রার্থীরা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, তিন পৌরসভার মধ্যে গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। মেয়র পদে জেলা যুবলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা হাসান ও বর্তমান মেয়র শামছুল আলম মনোনয়নপত্র কিনেছেন।
গোবিন্দগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে ১০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র কিনেছেন। এখানে গতকাল পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়নপত্র কেনেননি। সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ১, কাউন্সিলর পদে ১২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ কুমার সাহা।