গাইবান্ধার দুই উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লাসহ আটটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ ছাড়া গত বুধবার রাতে সুন্দরগঞ্জের দক্ষিণ সাহাবাজ এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০ ফুট অংশ ভেঙে গেছে।
গোবিন্দগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লাসহ প্লাবিত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে মহিমাগঞ্জ, দরবস্ত, তালুককানুপুর, ফুলবাড়ী, শালমারা, রাখালবুরুজ, হরিরামপুর ও সাপমারা। বন্যার পানির তোড়ে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এ ছাড়া বুধবার রাতে তিস্তার পানির চাপে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০ ফুট অংশ ভেঙে গেছে। ফলে উপজেলার দক্ষিণ সাহাবাজ, উত্তর সাহাবাজ, গারোকাটা, মাস্টারপাড়া ও রামভদ্র নয়ারহাট গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দেড় সহস্রাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। অপরদিকে ভাঙনের ভয়ে ২৫ আগস্ট সাঘাটা উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নিলামে বিক্রি করা হয়। কিন্তু ভাঙা শুরুর আগেই গতকাল ভবনটি বিলীন হয়।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।