গাইবান্ধার বিচারককে সুপ্রিম কোর্টের পরামর্শেই বদলি
গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম তাসকিনুল হককে সুপ্রিম কোর্টের পরামর্শেই বদলি করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রণালয়ের এ প্রস্তাবে গত ২৮ জুন একমত পোষণ করেন সুপ্রিম কোর্ট।
‘গ্রেপ্তারি পরোয়ানার আদেশদানকারী বিচারককে বদলি’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত খবরের প্রতিবাদে এ কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় পৃথক এই প্রতিবাদপত্র পাঠিয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, আইন মন্ত্রণালয় থেকে তাসকিনুল হককে বদলির প্রস্তাব পাঠানো হলে ২৮ জুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সভায় সরকারের এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করা হয়। ফলে তাসকিনুল হককে বদলি-সংক্রান্ত কোনো প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠানো হয়নি বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। গাইবান্ধা জেলা জজশিপের কর্মচারীকে মারধরের ঘটনা ঘটে ২ জুলাই। এর আগেই বদলি প্রস্তাব পাঠানো হয়। ফলে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানার আদেশদানকারী বিচারককে বদলি করার বিষয়টি তথ্যভিত্তিক নয়।
মন্ত্রণালয়ের প্রতিবাদপত্রে বলা হয়, গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোবিন্দগঞ্জ চৌকি, গাইবান্ধা হিসেবে বদলির জন্য আইন ও বিচার বিভাগ থেকে ১৬ জুন সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়। সুপ্রিম কোর্ট এ প্রস্তাবে একমত পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ জুলাই তাঁর বদলি আদেশ জারি করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বদলির সঙ্গে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া মেনেই এ বদলি আদেশ জারি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে পরোয়ানার আদেশদানকারী বিচারককে বদলি করা হয়েছে উল্লেখ করা হলেও থানার ওসি ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির কারণেই যে তাঁকে বদলি করা হয়েছে, তা বলা হয়নি। প্রতিবেদনে ঘটনা দুটি পরপর আসার কারণে এমন মনে হতে পারে। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশটি ৫ জুলাই থেকে দেখা যায়। আদালতের কর্মচারীকে মারধরের ঘটনা ঘটে ২ জুলাই। খবরে সেই বিষয়টিই উল্লেখ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সূত্র দিয়ে যে তথ্য ছাপা হয়েছে, তা সঠিক নয় বলে আমরা দুঃখিত।
গাইবান্ধা প্রতিনিধি জানান, আদালতের কর্মচারীকে মারধরের ঘটনায় করা মামলায় গাইবান্ধা সদর থানার ওসিসহ ১০ জনের জামিন আবেদন গতকাল মঙ্গলবার মঞ্জুর করেছেন জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত।
দুপুরে আদালতের বিচারক মো. মহসিনুল হক ১৬ জুলাই মামলার পরবর্তী তারিখ পর্যন্ত এই ব্যক্তিদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম প্রধান জানিয়েছেন।
জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওসি রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক রাকিব হোসেন ও কনস্টেবল রফিক, ওই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) আইয়ুব হোসেন, পুলিশ কনস্টেবল সাদ্দাম, সাইমুম, শাহিনুর, আবদুল্লাহ ও বাবলু।
গতকাল দুপুর পৌনে একটার দিকে মামলার এ আসামিরা জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। বাদীপক্ষে আইনজীবী আনিছুর রহমান ও আসামিপক্ষে শামসুল আলম প্রধান যুক্তিতর্ক উপস্থাপন করেন।