গাইবান্ধার বিদ্যুৎ বিতরণ বিভাগকে বিভক্ত করার দাবি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গাইবান্ধার বিতরণ বিভাগের এক হাজার ৩৫০ কিলোমিটার লাইন রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় লোকবল নেই। নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। এ কারণে জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগকে দুই ভাগে বিভক্ত করার দাবি উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক বিদ্যুৎ কর্মচারী বলেন, গত ৩২ বছরে কয়েক গুণ গ্রাহক বাড়লেও লোকবল বাড়েনি। জরুরি বিদ্যুৎ, লাইন মেরামতে আধুনিক যন্ত্রপাতি নেই। মই ও প্লাস দিয়েই কাজ সারতে হচ্ছে। অথচ প্রতি মাসে গড়ে দুই কোটি টাকার বিল আদায় করা হচ্ছে।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ১৯৮২ সালে গাইবান্ধা বিতরণ বিভাগে দুটি পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সে সময় আবাসিক, অনাবাসিক গ্রাহক ছিল প্রায় পাঁচ হাজার। বর্তমানে গ্রাহক ৩২ হাজার ৬৮৯ জন। এর মধ্যে সেচপাম্প গ্রাহক এক হাজার ৯৪২। বর্তমানে এক হাজার ৩৫০ কিলোমিটার লাইন রয়েছে। ১৮৯টি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী সূত্র আরও জানান, দীর্ঘদিন ধরে একজন উপবিভাগীয় প্রকৌশলী, দুজন সহকারী প্রকৌশলী, চারজন উপসহকারী প্রকৌশলী, তিনজন অভিযোগ গ্রহণকারী ও ছয়জন নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় লাইন সাহায্যকারীও নেই। এদিকে গাইবান্ধা বিতরণ বিভাগে সাতটি ফিডার রয়েছে। প্রতিটি ফিডার তদারকির জন্য একজন করে প্রকৌশলী থাকার কথা। কিন্তু বর্তমানে নির্বাহী প্রকৌশলী ও তিনজন উপসহকারী প্রকৌশলী দিয়ে কোনোমতে কাজ হচ্ছে। চুক্তিভিত্তিক লোক দিয়ে গ্রাহকদের বিল বিতরণ করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার তদারকির কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে গত জুন মাসে সহকারী প্রকৌশলী আবু আসাদ প্রামানিক অন্যত্র বদলি হন। এরপর গোবিন্দগঞ্জ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী দেলোয়ার হোসেনকে গাইবান্ধার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। দেলোয়ার হোসেন বলেন, ‘আমাকে গোবিন্দগঞ্জের দায়িত্ব পালন করতেই হিমশিম খেতে হয়। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিতরণ বিভাগের এক কর্মকর্তা জানান, অল্পসংখ্যক লোকবল দিয়ে লাইন রক্ষণাবেক্ষণে হিমশিম খেতে হচ্ছে। এ ক্ষেত্রে এই বিতরণ বিভাগকে দুই ভাগে বিভক্ত করা দরকার।
গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের ব্যবসায়ী রেজাউল করিম জানান, লাইনে ত্রুটি দেখা দিলে অভিযোগকেন্দ্রে জানানোর পরও জরুরিভাবে লাইন মেরামত করা হয় না। একই এলাকার বাণিজ্যিক গ্রাহক আবুল হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিল পরিশোধের যেদিন শেষ তারিখ, তার আগের দিন রাতে বিল-ভাউচার হাতে পাই। দেরিতে বিল পৌঁছানোর কথা বললে বিদ্যুৎ বিভাগের লোকজন জানান, বিশাল এলাকা তাই ভাউচার পৌঁছাতে বিলম্ব হচ্ছে।’
তবে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার জানান, প্রয়োজনীয় লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।