গাইবান্ধার বেশির ভাগ নর্দমা ভরাট, দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের মোট ৩৩ কিলোমিটার নর্দমার (ড্রেন) মধ্যে বেশির ভাগই ভরাট হয়ে গেছে। এ কারণে এসব নর্দমা দিয়ে পানি সরতে পারছে না। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে এসব নর্দমার আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৩৩ কিলোমিটার পাকা ও আধা পাকা নর্দমা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাকা ২১ কিলোমিটার ও আধা পাকা ১২ কিলোমিটার। এসব নর্দমা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নিয়মিত পরিষ্কারের অভাবে নর্দমাগুলো কাদা-ময়লা ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বিশেষত শহরের ডিবি সড়কের ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড, সার্কুলার সড়ক, স্কুল লেন, কুঠিপাড়া সড়ক, গোরস্থানপাড়া সড়ক ও ভিএইড সড়কের নর্দমা কাদা-আবর্জনায় ভরে গেছে। এসব নর্দমার ঢাকনা নেই। থানাপাড়া ও ডিবি রোডের একাধিক স্থানে নর্দমার কাজ অসমাপ্ত রয়েছে।
পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, আধুনিক শহর নির্মাণে পরিকল্পিত নর্দমা নির্মাণ ও পরিবেশ রক্ষায় নিয়মিত সেগুলো পরিষ্কার করা দরকার। অথচ পৌর কর্তৃপক্ষ তা করছে না। গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান বলেন, পরিকল্পিতভাবে নর্দমা নির্মাণ করা হয়নি। ফলে সরকারের টাকা অপচয় হয়েছে। এ কারণে নর্দমাগুলো শহরবাসীর কোনো কাজে আসছে না। বিশেষত বিভিন্ন স্থানে ঢাকনা না থাকায় নর্দমাগুলো মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি।
গাইবান্ধা পৌরসভার মেয়র শামছুল আলম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, এসব নর্দমা পূর্ববর্তী মেয়রের আমলে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। তখন এসব নর্দমার পানি নামার কোনো ব্যবস্থা রাখা হয়নি। তবে তিনি দাবি করেন, বর্তমানে পরিকল্পিতভাবে নর্দমা নির্মাণ করা হচ্ছে। আর আগে নির্মিত নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।