গাইবান্ধার ভোটাররা উভয়সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট উৎসব নেই, আছে শুধু উৎকণ্ঠা। গত শুক্রবার গভীর রাতে চারটি ভোটকেন্দ্রে আগুন। গতকাল শনিবার দিনের বেলা শহরের দুটি কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা। বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে ব্যালট পেপারে আগুন। রাতে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স ও ভোটের উপকরণ সরবরাহের সময় অন্তত ১১টি স্থানে হামলা ও ছিনতাই। শহরসহ বিভিন্ন ভোটকেন্দ্র ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ। বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশ-বিজিবির পাশাপাশি সেনা টহল।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গতকাল সারা দিন এমনটাই ছিল গাইবান্ধার পরিস্থিতি। এখানকার সাধারণ মানুষ বলছেন, ভোট ছাড়াই ১৫৩ জন সাংসদ নির্বাচিত হয়ে গেছেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না থাকায় ক্ষমতাসীন দলের লোকজন গাইবান্ধায় তেমন প্রচারণা চালাননি। এলাকার উন্নয়নে কোনো প্রতিশ্রুতিও সেভাবে দেননি প্রার্থীরা। বিরোধীরা মাঠে না থানায় বর্তমান সাংসদদের অতীতের কাজের মূল্যায়নেরও সুযোগ নেই। এ রকম নির্বাচন এলাকার মানুষ কোনো দিন দেখেনি।
এদিকে জামায়াত-শিবিরের লোকজন বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের হুমকি দিচ্ছেন। এত কিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিচ্ছে প্রশাসন ও সরকারি দল। এ অবস্থায় উভয়সংকটে আছেন ভোটাররা। গাইবান্ধার নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান প্রথম আলোকে বলেন, সবার অংশগ্রহণ না থাকলে সেটি কোনো নির্বাচন হয় না। এখন যে নির্বাচন হতে যাচ্ছে, সেটি একতরফা। এটি কোনোভাবেই অর্থবহ নির্বাচন নয়। আর এর মধ্যেই চলছে বিরোধী দলের সহিংসতা। সব মিলিয়ে সাধারণ মানুষ আতঙ্কে আছে। গাইবান্ধার মোট পাঁচটি সংসদীয় আসন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ফজলে রাব্বী মিয়া। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর), গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আজ ভোট হচ্ছে। সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীতে আতঙ্ক সবচেয়ে বেশি। গত ফেব্রুয়ারির শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় হওয়ার পর থেকে এই দুই উপজেলায় জামায়াত-শিবিরের সহিংসতায় সাতজন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে। পলাশবাড়ীর বাসিন্দারা জানান, দুদিন ধরে এখানকার কিশোরগাড়ী, হোসেনপুর, নুনিয়াগাড়ী, বরিশাল, মহোদিপুর, বেতকাপাসহ বিভিন্ন ইউনিয়নে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। একই অবস্থা সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জেও।