গাইবান্ধার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, শহরবাসী খুশি
গাইবান্ধা শহরের ব্যস্ততম ডিবি রোডের ট্রাফিক মোড়েই লাবু মিয়ার চায়ের দোকান। দোকানটিতে সব সময় আড্ডা চলত। আড্ডায় থাকত উচ্ছৃঙ্খল তরুণেরা; বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত। পথচারীরা বিব্রতবোধ করতেন। কিন্তু এখন সেই আড্ডা চোখে পড়ছে না। এই পরিবর্তন কেন, জানতে চাইলে লাবু মিয়া বলেন, ‘ওই দ্যাকেন, পোলোত (বৈদ্যুতিক খুঁটি) সিসি (ক্লোজড সার্কিট) কেমেরা নাগাচে। একটু গ্যাদারিং হলে পোলিশ আইসে। তাই মানুষ চা খায়, আর চলি যায়। কাউয়ো ভিড় করে না।’
ট্রাফিক মোড়ের মতো গাইবান্ধা শহরের কোনো সড়কের মোড়েই এখন আড্ডা নেই বললেই চলে। এ কারণে শহরবাসীর অনেকে বেশ খুশি।
সিসি ক্যামেরার সুফল সম্পর্কে ট্রাফিক মোড় এলাকার ফুল ব্যবসায়ী শ্যামল কুমার বলেন, ডিবি রোডটি এই শহরের প্রধান ও ব্যস্ত সড়ক। এ জন্য রাতে লাবুসহ সব চায়ের দোকানে আড্ডা চলত। এসব দোকানে সামান্য কারণে প্রায়ই উচ্ছৃঙ্খল তরুণদের মধ্যে কথা-কাটাকাটি হতো। মারামারি লাগত। এখন ক্যামেরার ভয়ে মারামারি দূরের কথা, আড্ডাই জমছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বাস টার্মিনাল এলাকার এক ব্যবসায়ী বলেন, রাতে টার্মিনালের চায়ের দোকানগুলোতে ভিড় লেগে থাকত। ফেনসিডিল সেবনের পর মাদকসেবীরা চিনি বেশি দিয়ে চা পান করত। এটা তাদের নেশা। কিন্তু সিসি ক্যামেরা লাগানোর পর রাতে মাদকসেবীদের চোখে পড়ছে না।’
শহরের পার্ক রোডের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বলেন, কয়েকটি ব্যাংক থাকায় পার্ক রোডটি ব্যাংকপাড়া বলে পরিচিত। কিছুদিন আগে এই রোডে গুলি করে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তখন থেকে স্থানীয় ব্যবসায়ীরা এখানে আসতে আতঙ্ক বোধ করতেন। এখন সিসি ক্যামেরা আছে। ছিনতাই হলেও ধরা পড়বে। তাই অনেকটা নির্বিঘ্নেœচলাচল করা যাচ্ছে।
জেলা পুলিশ জানায়, জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৩৫টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে এসব ক্যামেরা লাগানো হয়েছে।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার সাহা বললেন, বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটেরা রাস্তায় দাঁড়িয়ে থেকে মেয়েদের উত্ত্যক্ত করত। এ নিয়ে প্রায়ই পুলিশকে জানাতে হতো। পুলিশ আসার আগেই বখাটেরা পালাত। সিসি ক্যামেরা লাগানোর পর বখাটেপনা অনেকটা কমেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সিসি ক্যামেরার কারণে গত তিন মাসে জেলা শহরে রাস্তা-ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, মারামারি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি; বিশেষ করে এ ঈদে আমরা সিসি ক্যামেরার সুফল পেয়েছি। বাসের ছাদে যাত্রী বহন বন্ধ ছিল। ছাদে যাত্রী ওঠানোর শুরুতেই পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে তারবার্তা দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই বাস টার্মিনালে পুলিশ পাঠিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। একইভাবে যানজটও নিরসন করা হচ্ছে।’
এ বিষয়ে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরা লাগানোর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জেলা শহরে স্থায়ীভাবে সিসি ক্যামেরা বসানো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় ভ্রাম্যমাণ সিসি ক্যামেরা বসানো হয়। গাইবান্ধার সাত থানার মধ্যে চারটিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপর তিনটিতে স্থাপনের কাজ চলছে। এ ছাড়া ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।