গাইবান্ধার রেজাবুল হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রেজাবুল হক ওরফে প্লাবন হত্যা মামলায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান গতকাল রোববার দুপুরে এ আদেশ দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জিয়াউল হক, ফরিদুল হক, সুরুজ হক, মুশফিকুর রহমান, লিয়াকত ও আবুল বাশার। তাঁরা সবাই পলাশবাড়ী উপজেলার দুনিয়াবাড়ী এলাকার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৩ জুন রাত আটটার দিকে আসামিরা দুনিয়াবাড়ী বাজারে আসাদুজ্জামানের দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় আসাদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁর ছেলে রেজাবুল হককে (১৬) অস্ত্রের মুখে অপহরণ করেন। তাঁরা রেজাবুলকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৫ জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় আসাদুজ্জামান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘদিন তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সুধীর চন্দ্র বর্মণ ২০০৭ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র দেন। গত বছরের অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় মোট ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।