গাইবান্ধার শতাধিক কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কেন্দ্রে হামলা, ভাঙচুর, আগুন ও ব্যালট বাক্স না পৌঁছানোর কারণে গাইবান্ধার শতাধিক কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি। যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সেখানেও ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।

সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে ভোটারশূন্য ছিল কেন্দ্রগুলো। তবে দুপুরের দিকে রোদ উঠলে ভোটারের আগমন ঘটেনি সেভাবে। বিভিন্ন স্থানে সরকারপক্ষীয় লোকজন ব্যালট পেপারে সিল মারছে বলে অভিযাগ পাওয়া গেছে।

বেলা তিনটার দিকে সাদুল্যাপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন প্রধান বলেন, ‘এখানকার ৬৭ কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে ভোট নিতে পারিনি।’

সাদুল্যাপুর উপজেলার নিয়ামতনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে কথা হয় আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীতার পর যত নির্বাচন হয়েছে, সবগুলোতে ভোট দিয়েছি। এবারই ভোট দিতে পারলাম না।’ একপক্ষীয় নির্বাচন হওয়ায় ভোটারদের তেমন আগ্রহ নেই বলে মনে করেন তিনি।

গাইবান্ধার পলাশবাড়ীর একটি ভোটকেন্দ্র পশ্চিম মির্জাপুর সিনিয়র মাদ্রাসা। কিন্তু আজ রোববার বেলা ১১টা পর্যন্ত এখানে ভোট গ্রহণই শুরু করা যায়নি। কেন হয়নি জানতে চাইলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘ব্যালট বাক্সই পৌঁছায়নি।’ একই অবস্থা জানালেন রওশনবাগ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক।

স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেল, বিএনপি-জামায়াত-শিবিরের হামলার মুখে ব্যালট বাক্স না পৌঁছানোর কারণে গাইবান্ধার চারটি আসনের শতাধিক কেন্দ্রে ভোটই শুরু করা যায়নি। এ ছাড়া গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের বর্তমান সাংসদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন। গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়, পুবতলা এ কিউ উচ্চবিদ্যালয়, খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রচণ্ড শীত আর কুয়াশার কারণে ভোটাররা কেন্দ্রেই আসছেন না।

গাইবান্ধার চারটি আসনের মোট ৪৬৫টি ভোটকেন্দ্র। সহকারী রিটার্নিং কর্মকর্তারা বলছেন, পাঁচ উপজেলার ৯৮টি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংখ্যা শতাধিক।

পলাশবাড়ীতে মোট ভোটকেন্দ্র ৬৩। অধিকাংশ কেন্দ্রেরই একই অবস্থা। কতটি ভোটকেন্দ্রে ভোট শুরু করা যায়নি জানতে চাইলে পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সঠিক সংখ্যা দেওয়া সম্ভব না।’ সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সদরের ৯৬টি কেন্দ্রের মধ্যে এখনো তিনটিতে ভোট শুরু করতে পারেননি।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অন্তত ১৫টি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি বলে জানিয়েছেন এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুজ্জামান।

এই আসনে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্ব্বিতা হচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের লোকজন অন্তত ১৩টি কেন্দ্র দখল করে, জোর করে নিজেদের পক্ষে ভোট নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বর্তমান সাংসদ এবং এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘একদিকে জামায়াত-শিবিরের তাণ্ডব, আরেকদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব। আমি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ১৩টি কেন্দ্রের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’