গাইবান্ধার সিভিল সার্জনকে কারণ দর্শাও
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহের দরপত্রের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে সিভিল সার্জন আহাদ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পলাশবাড়ী জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক আবু বাশেদ মো. বুলু মিয়া গত বুধবার এ আদেশ দেন।
নিম্ন দরদাতাকে বাদ দিয়ে দরপত্র বাতিল হওয়া এক প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাঁয়তারা করার অভিযোগে রাকিব ট্রেডার্সের মালিক আবদুর রউফের মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নোটিশ দিয়েছেন।
চলতি অর্থবছর সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহে দরপত্র আহ্বান করা হয়। গত ২২ আগস্ট পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহের জন্য ১৬টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে নয়টি। এর মধ্যে যোগ্যতা না থাকায় পাঁচটি দরপত্র বাতিল করা হয়। বাকি চারটি দরপত্রের মধ্যে রাকিব ট্রেডার্সকে নিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ দেওয়ার জন্য সুপারিশ করে দরপত্র মূল্যায়ন কমিটি।