গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) হত্যািকাণ্ডের এক সপ্তাহের মাথায় পাশের উপজেলার ‘নিখোঁজ’ চারজনের বাকি দুজনকেও রাস্তায় ফেলে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। তাঁরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলাম।
১১ দিন আগে এঁদের যেভাবে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই শুক্রবার গভীর রাতে দিনাজপুরের খোলাহাটিতে রাস্তায় ফেলে যাওয়া হয়। এঁদের এক দিন পর একইভাবে তুলে নেওয়া হয়েছিল সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান ও একই উপজেলার দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলামকে। ওই দুজনকে গত বুধবার মধ্যরাতে নীলফামারী মহাসড়কে মাইক্রোবাসে করে এনে ছেড়ে দিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের ডিশ ব্যবসায়ী রেজাউল ইসলাম ওরফে ডিশ লিটন এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁর স্ত্রী লাভলী বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ১৩ জানুয়ারি সন্ধ্যায় ময়েজ মিয়ার হাট থেকে তাঁর স্বামীকে কিছু লোক তুলে নিয়ে যায়। কোনো খোঁজ না পেয়ে তিনি গতকাল সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু পুলিশ জিডি নেয়নি।
জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর কাছে কেউ জিডি করতে আসেনি। রেজাউল নামে কাউকে পুলিশ তুলে আনেনি।
অন্যদিকে দুই দফায় ছাড়া পাওয়া চারজনই তাঁদের তুলে নেওয়া, আটক রাখা ও ছাড়া পাওয়ার একই রকম বিবরণ দিয়েছেন সাংবাদিকদের কাছে। তবে কারা তাঁদের ধরে নিয়েছিল এবং কোথায় রেখেছিল, সে বিষয়ে কিছু ‘জানেন না’ বলে জানিয়েছেন তাঁরা।
শুক্রবার রাতে ছাড়া পাওয়া আওয়ামী লীগের নেতা মাইদুল ইসলামের সঙ্গে গতকাল কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘আমাদের চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার গভীর রাতে চোখ বাঁধা অবস্থায় কয়েকজন লোক মাইক্রোবাস থেকে একটা ফাঁকা জায়গায় আমাদের দুজনকে নামিয়ে দেয়। নামানোর সময় একজন বলেন, সামনের রাস্তায় তোমার মোটরসাইকেল রাখা আছে। ওটি নিয়ে সোজা বাড়ি চলে যাও। পেছনে তাকাবে না।’
মাইদুল বলেন, ছাড়া পেয়ে তাঁরা দুজন ওই মোটরসাইকেলে সামনের দিকে কিছু দূর যাওয়ার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটির ট্যাক্সের হাটে পৌঁছান। সেখান থেকে মাইদুল তাঁর বড় ভাই নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামকে ফোন করে তাঁদের নিয়ে যেতে বলেন। পরে তরিকুল মাইক্রোবাস নিয়ে গিয়ে দুজনকে বাড়ি নিয়ে আসেন।
মাইদুলের সঙ্গে ছাড়া পাওয়া যুবদল নেতা শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের পাশাপাশি কক্ষে ১১ দিন চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। সেটা কোথায় তাঁরা বুঝতে পারেননি। তিনি বলেন, ‘তুলে নেওয়ার কয়েক দিন পর আমি অসুস্থ হলে তারা ডাক্তার ডেকে আমার চিকিৎসা করায়। আমরা তাদের বলেছিলাম, আমাদের কেন এনেছেন, আমাদের কী অপরাধ? তারা কোনো জবাব দেয়নি।’
মাইদুলকে ৯ জানুয়ারি বেলা ১১টার দিকে তাঁর মোটরসাইকেলসহ রাস্তা থেকে তুলে নেওয়া হয়। আধঘণ্টার মাথায় শফিউলকে একই এলাকার আরেক জায়গা থেকে তুলে নেওয়া হয়। পরদিন রাতে তুলে নেওয়া হয় মনোয়ারুল ও সাদেকুলকে। তাঁরা এক মোটরসাইকেলে ছিলেন, মোটরসাইকেলটিও নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
তখন পরিবারগুলো অভিযোগ করেছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চারজনকে তুলে নিয়ে গেছে। কিন্তু কোনো বাহিনী সেটা স্বীকার করেনি। এরপর চারজনকে খুঁজে বের করার দাবিতে এলাকায় সভা-সমাবেশ, মানববন্ধন ও হরতাল কর্মসূচি পালিত হয়। সাদুল্যাপুর থানায় পৃথক জিডিও হয়েছিল।
গতকাল সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, ‘চারজনেরই ফিরে আসার কথা শুনেছি। কীভাবে ফিরে এলেন, তা জানতে পারিনি।’ তবে পুলিশ তাঁদের কাউকে তুলে নেয়নি বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সাংসদ মনজুরুল ইসলামকে হত্যা করে। ওই ঘটনায় এই পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তদন্তের কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ।