গাইবান্ধায় অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত বিল কমানোর দাবিতে গতকাল বুধবার সকালে গাইবান্ধা শহরে মিছিল করে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি। পরে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় চত্বরে তারা সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক গোলাম রব্বানী, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সদস্য মাসুদুর রহমান, আহমাদুর রহিম, আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসৎ সেচপাম্প-মালিক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশে কম ক্ষমতাসম্পন্ন সেচপাম্পের অনুমতি নিয়ে বেশি ক্ষমতাসম্পন্ন সেচপাম্প চালাচ্ছেন। এমনকি সেচপাম্পগুলো মিটার ছাড়াই চলছে। এতে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে। সেই দায় এড়াতে বিদ্যুৎ বিভাগ মনগড়াভাবে সাধারণ গ্রাহক ও সেচপাম্প-মালিকদের অধিক হারে বিল প্রদান করছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহক ও সেচপাম্প-মালিকেরা। বক্তারা মিটার অনুযায়ী ইউনিটভিত্তিক বিদ্যুৎ বিল নির্ধারণ ও বিলিং মেশিন গাইবান্ধায় স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাইবান্ধায় বেশির ভাগ সেচপাম্পে মিটার নেই। বিশেষত পাঁচ কিলোওয়াটের অনুমতি নিয়ে সেচপাম্প-মালিকেরা ২০ থেকে ২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোটর চালানোর অভিযোগ রয়েছে। তাই কয়েক দিন থেকে জেলার প্রতিটি সেচপাম্পে মিটার প্রদানের জন্য মাঠপর্যায়ে সেচপাম্প জরিপ করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু অবৈধ সেচপাম্প-মালিকের উসকানিতে তাঁরা এ ধরনের আন্দোলন করছেন।