গাইবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মাটিতে পুঁতে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিতে পুঁতে অন্তঃসত্ত্বা মঞ্জিলা বেগমকে (১৯) হত্যার চেষ্টা চালান তাঁর স্বামী নূর আলম। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর মন্দুয়ার গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় মঞ্জিলাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাদুল্যাপুর থানার পুলিশ জানায়, রাত ১১টার দিকে নূর আলম (২৫) গুপ্তধন ওঠানোর কথা বলে স্ত্রী জমিলাকে বাড়ির পাশের একটি গাছের নিচে নিয়ে যান। সেখানে নূর আলম প্রায় তিন ফুট গভীর গর্ত খোঁড়েন। একপর্যায়ে তিনি মঞ্জিলাকে গর্ত থেকে মাটি তুলতে বলেন। মঞ্জিলা মাটি তোলার জন্য নামতে গেলে নূর আলম তাঁকে লাথি মেরে গর্তে ফেলে দেন। এরপর মঞ্জিলার কোমর পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন নূর আলম। এ সময় মঞ্জিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।মঞ্জিলা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে নূর আলম আরেকটি বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করে আমার ওপর নির্যাতন করছেন। কিন্তু শনিবার এত জঘন্য কাজ করবেন, তা কখনো ভাবিনি। আমি এর বিচার চাই।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইনাম জানান, ওই ঘটনায় মঞ্জিলার বাবা মোসলেম উদ্দিন থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন।