গাইবান্ধায় অপহূত শিক্ষকের লাশ উদ্ধার, বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় উপবৃত্তির টাকা লুটের সময় অপহূত চিথুলিয়াদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমানের লাশ গত মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনগণ ব্রহ্মপুত্র নদে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ফুলছড়ি উপজেলার কাউয়াবাধা এলাকা থেকে লাশ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত বুধবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগ মিছিল বের করে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে রণজিৎ বকসির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সৈয়দ শামস-উল আলম, আবু বকর সিদ্দিক, মোজামেঞ্চল হক, শাহ সারোয়ার কবির প্রমুখ।১৯ ডিসেম্বর সকালে রূপালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, একজন ব্যাংক কর্মকর্তা ও কয়েকজন শিক্ষক একটি নৌকায় করে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়াদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে চরাঞ্চলের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির এক লাখ ৯৩ হাজার ২৫০ টাকা বিতরণের কথা ছিল তাঁদের। দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের কাচিরচর এলাকায় পৌঁছালে একটি নৌকায় করে এসে ১০-১২ জন ডাকাত অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকার ব্যাগ লুট করে। এ সময় ডাকাতেরা হাফিজুর রহমানকে অপহরণ করে।