গাইবান্ধায় অবৈধ যান বন্ধের দাবিতে মানববন্ধন
অবৈধ যানবাহনের চলাচল বন্ধসহ চার দফা দাবিতে গতকাল রোববার গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গাইবান্ধা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। দাবি না মানলে ১৬ জুন থেকে পরিবহন ধর্মঘট পালনের কর্মসূচি পালন করার হুমকি দিয়েছে সংগঠনটি।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন গাইবান্ধা পিকআপ মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম কুমার প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহরসহ বিভিন্ন সড়কে নিবন্ধনহীন গাড়ি ও অবৈধ ট্রাক্টর-ট্রলি চলাচল করছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া তিনটি সংগঠনকে বাদ দিয়ে অবৈধভাবে সড়ক পরিবহনসংক্রান্ত গাইবান্ধা জেলা আরটিসি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনগুলো হচ্ছে গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন। তাই অবিলম্বে ওই কমিটি পুনর্গঠন করতে হবে। বক্তারা আরও বলেন, তাঁদের দাবি আজ সোমবারের মধ্যে বাস্তবায়িত না হলে ১৬ জুন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। এর আগে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
আরটিসি কমিটিতে অন্তর্ভুক্ত না করা প্রসঙ্গে গাইবান্ধা বিআরটিএর সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, ‘ঢাকা বিআরটিএ কার্যালয় থেকে আঞ্চলিক সংগঠনগুলোকে ওই কমিটির সদস্য করা হয়ে থাকে। এখানে আমাদের করণীয় কিছু নেই।’ তিনি আরও বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।