গাইবান্ধায় অযত্নে পড়ে আছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। স্মৃতিস্তম্ভের সামনে বাদাম-চানাচুর-মুড়ি ও আলুর দোকান। পশ্চিমাংশে কাপড়ের দোকান এবং পূর্ব ও দক্ষিণ পাশে ময়লা-আবর্জনার স্তূপ। কিন্তু রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই।
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪-২০০৫ অর্থবছরে ওই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। এতে ব্যয় হয় প্রায় ১৩ লাখ টাকা। স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি নির্মাণ করে। এই স্মৃতিস্তম্ভে গাইবান্ধার ৬৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা রয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের প্রবেশপথে বাদাম ও মিষ্টি আলুর দোকান। পশ্চিম পাশের অর্ধেকাংশে থান কাপড় বেচাকেনা চলছে। পূর্ব ও দক্ষিণ পাশে ময়লা-আবর্জনার স্তূপ। স্তম্ভের মেঝেতে ময়লা-আর্বজনা ও মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। স্তম্ভ ঘেঁষে আগাছা। কয়েক ব্যক্তি জুতা পায়ে মেঝেতে আড্ডা দিচ্ছেন। ছবি তুলতে দেখে তাঁরা কেটে পড়েন। এদিকে স্মৃতিস্তম্ভে লেখা শহীদ মুক্তিযোদ্ধাদের বেশির ভাগ নামও মুছে গেছে।
কাপড় ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘জায়গাটি পড়ে আছে, তাই ব্যবসা করছি।’ বাদামবিক্রেতা আয়নাল হক ও মিষ্টি আলু দোকানি মফিজুল হক বলেন, ‘এখানে সব সময় লোকজন থাকে। দোকান দিলে বেচাকেনা বেশি হয়। তাই দোকান করছি। কেউ কখনো বাধা দেননি।’
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় স্মৃতিস্তম্ভটি হকারদের দখলে চলে যাচ্ছে। স্তম্ভের মেঝেতে বাদাম, মিষ্টি আলু ও পাশে থান কাপড় বেচাকেনা করা হচ্ছে। এ ছাড়া এটি নির্মাণের পর আর সংস্কারকাজ হয়নি। ফলে এর সৌন্দর্যও হারিয়ে যাচ্ছে।
পিকে বিশ্বাস রোডের বাসিন্দা জিয়াউল হক আক্ষেপ করে বলেন, স্মৃতিস্তম্ভের উত্তর পাশে একই রোড ঘেঁষে জেলা শিল্পকলা একাডেমি, অফিসার্স ক্লাব ও জেলা আনসার ভিডিপি কার্যালয়। পূর্বে টেনিস ক্লাব মাঠ ও পশ্চিমে সরকারি কোয়ার্টার। কিন্তু স্তম্ভের অব্যবস্থাপনার দৃশ্য কোনো প্রশাসনিক কর্মকর্তার চোখে পড়ে না।
জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায়। এরপরও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ অযত্নে পড়ে আছে। স্তম্ভটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য জেলা সমন্বয় কমিটির সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি গণপূর্ত বিভাগেরও কোনো ভূমিকা লক্ষ করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা বলেন, কোনো স্থাপনা হস্তান্তরের পর দেখভালের দায়িত্ব গণপূর্ত বিভাগের থাকে না। এটা দেখবে প্রশাসন।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক বলেন, স্মৃতিস্তম্ভটি রক্ষণাবেক্ষণে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান বলেন, স্মৃতিস্তম্ভটি রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।