গাইবান্ধায় আ. লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদরুল কবিরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার চাঁদাবাজি, ফাইলপত্র তছনছ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদরুল কবির ওই দিন সকালে পিআইওর কক্ষে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তিনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কার্যালয়ের ফাইল ও আসবাবপত্র তছনছ করেন। একপর্যায়ে পিআইওকে কার্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন ও রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা হাসান পরিস্থিতি শান্ত করেন।সদরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনিয়মের বিষয়ে কথা বলতে ওই দিন সকালে পিআইওকে তিনি একাধিকবার ফোন করেন। কিন্তু ফোন রিসিভ না করায় তিনি তাঁর কার্যালয়ে যান। তাঁকে প্রকল্প এলাকায় সাইন বোর্ড টানানোর কথা বলি। এতে ওই কর্মকর্তা উত্তেজিত হয়ে তাঁকে কার্যালয় থেকে বের হতে বলেন।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় পিআইও মামলা করেছেন।