গাইবান্ধায় আগুন লেগে পাঁচ দোকান ভস্মীভূত
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলেরবাজার এলাকায় গতকাল শুক্রবার ভোররাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে নয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয় সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে স্কুলেরবাজার এলাকার কবীর হোসেনের টেইলার্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজারের পাঁচটি দোকান ভস্মীভূত হয়। এগুলো ছিল কাপড়, স্বর্ণ, টেইলার্স, ওষুধ ও মুদি দোকান। এতে প্রায় সাড়ে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক মোজাফফর হোসেন ও কবীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
কুপতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।