গাইবান্ধায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হচ্ছেন ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও ১৯ মাস বয়সী মেয়ে আসমাউল হুসনা।

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদ হোসেন জানান, গতকাল বেলা আড়াইটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আগুনে আশরাফুল ইসলামের দুটি ঘর, আসবাব, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

এসআই শহীদ হোসেন  আরও জানান, ওই সময় শয়নঘরে মর্জিনা বেগম মেয়েকে নিয়ে শুয়ে ছিলেন। বাড়িতে তখন আর কেউ ছিলেন না। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মা ও মেয়ের লাশ উদ্ধার করেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের রহস্য বের হয়ে এলেই মূল ঘটনা জানা যাবে। তিনি আরও বলেন, এটি একটি দুর্ঘটনা। এ নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।