গাইবান্ধায় আধা বেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আজ সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধায় আধা বেলা হরতাল পালিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ডিবি রোডের ফকিরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলকারীরা এখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে তারা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে হরতাল চলাকালে শহরের দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরে যানবাহনের চলাচল কম ছিল। তবে জেএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, হরতালের কারণে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের টহল জোরদার করা হয়। হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেল চারটার দিকে মহানগর হাকিম কেশব রায় পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।