গাইবান্ধায় আবারও পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সব রুটে আজ বুধবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আজ সকাল থেকে দিনভর গাইবান্ধা থেকে কোনো যানবাহন ছাড়েনি। এ ছাড়া ঢাকা, রংপুর, বগুড়াসহ অন্যান্য জেলা থেকেও কোনো যানবাহন আসেনি। এমনকি শহরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করেনি। এ কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

এর আগে একই দাবিতে ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরদিন রাতে তা স্থগিত করা হয়। জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আজ বিকেলে মুঠোফোনে জানান, বিজয় দিবসের কারণে ১৭ ডিসেম্বর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছিল। ওই সময়ের মধ্যে মারধর মামলার আসামিদের গ্রেপ্তার না করায় পুনরায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হয়।

১৩ ডিসেম্বর গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এক সদস্য সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিনের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে বর্তমান বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির ও সাবেক সভাপতি আবুল খায়েরের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন বিকেলে আবুল খায়ের মোরছালিনের সমর্থকেরা বর্তমান সভাপতির পক্ষের জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানের শহরের ডিবি রোডের শ্যামলী পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেওয়ায় তারা মোক্তাদুর রহমান, তাঁর ছোট ভাই বাবুল মিয়া, শ্যামলী কাউন্টারের ব্যবস্থাপক সুমন মিয়াকে মারধর করে। পরে তারা শাহজাদা আনোয়ারুল কাদিরের পক্ষের ব্যবসায়ী পিয়ারুল ইসলামের শহরের হকার্স মার্কেট এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এতে ছয়জন আহত হন। এ নিয়ে পিয়ারুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে আজ দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। যাত্রীদের পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে জেলা শহরে ঢুকতে হয়। দুর্ভোগের শিকার যাত্রীরা জানান, বাস নেই, অটোরিকশা ও রিকশা-ভ্যান চলছে না। তাই বাধ্য হয়ে পাঁচ-ছয় কিলোমিটার পথ হেঁটে শহরে ঢুকতে হচ্ছে।