গাইবান্ধায় আমন চাষে কৃষকের লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় আমন ধান চাষ করে কৃষকদের উৎপাদন খরচই উঠছে না। ধানের দাম কম হওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। সরকার এখনো ধান কেনা শুরু করেনি। এ কারণে বাজারে ধানের দাম উঠছে না বলে কৃষকদের সূত্রে জানা গেছে। জেলায় এবার গত বছরের তুলনায় বেশি আমন চাষ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, জেলায় এক লাখ ১৮ হাজার একর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ করা হয়েছে এক লাখ ২০ হাজার একরে। ধান উৎপাদিত হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তিনি জানান, সরকারিভাবে আমন ধান কেনা হচ্ছে না। তাই কম দামে ধান বেচাকেনা হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদন খরচ উঠছে না।গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের কৃষক ময়নুল হোসেন (৫০) এবার দুই বিঘা জমিতে আমন ধানের চাষ করেছিলেন। বীজ, সার, শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে প্রায় নয় হাজার টাকা। কিন্তু ধান উৎপাদিত হয়েছে ১২ মণ। বর্তমানে প্রতি মণ ধান ৪৫০ টাকা। এ হিসাবে ১২ মণ ধান বিক্রি করে তিনি পাঁচ হাজার ৪০০ টাকা পান। দুই বিঘা জমিতে তাঁর লোকসান হয়েছে তিন হাজার ৬০০ টাকা। ময়নুল বলেন, ‘নোকসান হলেও হামারঘরে করব্যার কিচু নাই। বাপ-দাদার আমল থাকি আবাদ করব্যার নাগচে, তাই হামরাও বাপ-দাদার পেশা ধরি আচি।’কৃষকদের সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন হাটবাজারে ধান উঠলেও ক্রেতা কম। ফলে সস্তায় ধান বিক্রি হচ্ছে। বিআর-২৮-সহ বিভিন্ন জাতের প্রতি মণ ধান ৪৫০-৪৬০ টাকায় কিনছেন চাতালমালিক, ফরিয়া ও মহাজনেরা। সদর উপজেলার খোলাহাটি গ্রামের ধান ব্যবসায়ী আবদুল মালেক জানান, এবার সরকারিভাবে ধান কেনা হচ্ছে না। এ কারণে বড় ব্যবসায়ীরা ধান কিনতে আগ্রহী নন। ফলে কম দামে ধান কিনে চাতালমালিকের কাছে কম দামে বিক্রি করতে তাঁরা বাধ্য হচ্ছেন। দারিয়াপুর গ্রামের শিক্ষক সাদেকুল ইসলাম জানান, সরকার ধান না কেনার সুযোগে চাতালমালিকেরা কৃষকদের বেকায়দায় ফেলে সস্তায় ধান কিনছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম বলেন, ‘সরকার এবার আমন ধান কিনছে না। গত বছরের ৯ ডিসেম্বর থেকে সারা দেশে কেবল চাল সংগ্রহ অভিযান শুরু হয়। প্রতি টন চালের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার টাকা।’